বিকশিত ভারত – কর্মসংস্থান ও জীবিকা মিশন (গ্রামীণ) গ্যারান্টি: VB-G RAM G আইন, ২০২৫
উদ্দেশ্যসমূহ:
(১) এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল গ্রামোন্নয়ন কাঠামোকে বিকশিত ভারত @২০৪৭-এর জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। যে গ্রামীণ পরিবারগুলির প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রমে যুক্ত হতে চান, তাঁদের প্রতিটি আর্থিক বছরে একশো পঁচিশ দিনের বর্ধিত বিধিবদ্ধ মজুরিভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে, যাতে তাঁরা সম্প্রসারিত জীবিকা-নিরাপত্তা কাঠামোয় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারেন।
(২) সক্ষমতা বৃদ্ধি, প্রবৃদ্ধি, সমন্বয় ও সম্পৃক্তি (saturation)-র ওপর জোর দেওয়া, এবং জনকল্যাণমূলক কাজের সমষ্টির মাধ্যমে “বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্ট্যাক” গড়ে তোলা। এর বিষয়গত অগ্রাধিকার হল জলসংক্রান্ত কাজের মাধ্যমে জলনিরাপত্তা, মূল গ্রামীণ পরিকাঠামো, জীবিকা-সংক্রান্ত পরিকাঠামো এবং চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলার বিশেষ কাজ;
(৩) বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনার মাধ্যমে সমন্বয়, সম্পৃক্তি-ভিত্তিক পরিকল্পনা এবং সামগ্রিক সরকারি পরিষেবা প্রদান প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এই পরিকল্পনাগুলি PM গতি শক্তির সঙ্গে সংযুক্ত থাকবে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটাবে, জিওস্প্যাশিয়াল সিস্টেম, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং জেলা ও রাজ্য পরিকল্পনা ব্যবস্থার সহায়তা পাবে, এবং ব্লক, জেলা, রাজ্য ও জাতীয় স্তরে সমন্বিত করা হবে;
(৪) একটি সর্বাঙ্গীণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে শাসনব্যবস্থা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণকে আধুনিক করা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তরে বায়োমেট্রিক প্রমাণীকরণ, জিপিএস বা মোবাইল-ভিত্তিক কর্মস্থল পর্যবেক্ষণ, রিয়েল-টাইম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড, স্বতঃপ্রণোদিত জনসমক্ষে তথ্য প্রকাশ, এবং পরিকল্পনা, অডিট ও জালিয়াতির ঝুঁকি হ্রাসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
(৫) গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডে যে নিবন্ধিত পরিবারের নাম রয়েছে, তার প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্য প্রকল্পের অধীনে অদক্ষ কায়িক কাজের জন্য আবেদন করার অধিকারী; প্রতিটি আবেদন বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হবে এবং তারিখসহ একটি প্রাপ্তিস্বীকার দেওয়া হবে, যা নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে লিপিবদ্ধ করা হবে।
(৬) বিকশিত ভারত @২০৪৭-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ভবিষ্যৎ-উপযোগী, সমন্বয়ভিত্তিক স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রাম পঞ্চায়েত অংশগ্রহণমূলক ও তথ্যভিত্তিক প্রক্রিয়ায় প্রস্তুত করবে। এই পরিকল্পনাই এই প্রকল্পের অধীনে কাজ চিহ্নিতকরণ ও অগ্রাধিকার নির্ধারণের ভিত্তি হবে।
(৭) নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রতিটি স্তরে একটি সুসংগঠিত ও অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রক্রিয়া পরিচালিত হবে। বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনাগুলি গ্রাম পঞ্চায়েতগুলি GIS-ভিত্তিক সরঞ্জাম, PM গতি শক্তি স্তরসমূহ (layers) এবং অন্যান্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে প্রস্তুত করবে।
(৮) এই প্রাতিষ্ঠানিক কাঠামো “একক পরিকল্পনা, বহুমুখী অর্থায়ন” পদ্ধতি নিশ্চিত করবে, বিভিন্ন বিভাগ ও প্রকল্পের মধ্যে সমন্বয় বাড়াবে, এবং উৎপাদনশীল, সহনশীল ও রূপান্তরকারী গ্রামীণ সম্পদ সৃষ্টির বিকশিত ভারত @২০৪৭ লক্ষ্যের সঙ্গে সমস্ত গ্রামোন্নয়ন প্রচেষ্টাকে সামঞ্জস্যপূর্ণ করবে।






